| শিরোনাম |
|
চট্টগ্রামে চাঁদাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগ: ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক :
|
চট্টগ্রামে চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গণমাধ্যম ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন ভুক্তভোগী। শুক্রবার (১১ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক ওবাইদুর রহমান । সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, তারা বাঁশখালীর স্থায়ী বাসিন্দা এবং বাকলিয়ায় জমি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করছেন। কিন্তু সম্প্রতি উন্নয়ন কাজ শুরু করতেই স্থানীয় দুই ব্যক্তি মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ খোরশেদ আলম ও মৃত ইসহাকের ছেলে মঞ্জুর আলম তাদের কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধের হুমকি দেওয়া হয় বলে তারা দাবি করেন। অভিযুক্ত খোরশেদ আলম ও মঞ্জুর আলমকে বিগত সরকারের আমলের চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যু হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, তারা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিনের আত্মীয়তার সম্পর্ক দেখিয়ে এলাকায় ক্ষমতার অপব্যবহার করতেন। এছাড়া, ড. হাসান মাহমুদের এপিএস রাসেলের নিকটাত্মীয় হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মেও জড়িত ছিলেন। মিথ্যা মামলা দিয়ে বহু মানুষকে হয়রানি করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। শিক্ষক ওবাইদুর রহমান বলেন, “চাঁদাবাজদের কারণে আমাদের নিরাপত্তা হুমকির মুখে। প্রশাসন যেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ আকতার হোসেন, আনোয়ারুল হক চৌধুরী, তাজুল ইসলাম, আমিনুল হক, আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। |