| শিরোনাম |
|
নড়িয়ায় বিএনপি সাংগঠনিক-সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি
সোলায়মান খান রানা, নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি:
|
![]() নড়িয়ায় বিএনপি সাংগঠনিক-সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি মঙ্গলবার (৮ জুলাই) নড়িয়া থানায় দায়ের করা জিডিতে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী (এলজিইডি) তৌফিকুল ইসলাম এ অভিযোগ করেন। জিডির নম্বর ৩৭৯। জিডিতে উল্লেখ করা হয়, ২ জুন দুপুর আনুমানিক ২টার দিকে নড়িয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে সরকারি দায়িত্ব পালনকালে এক ব্যক্তি অফিস কক্ষে প্রবেশ করে উপজেলা প্রকৌশলীর অবস্থান জানতে চান। তাকে জানানো হয়, উপজেলা প্রকৌশলী রাস্তার কাজ পরিদর্শনে বাইরে রয়েছেন। এ সময় ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে উপজেলা প্রকৌশলীকে নিয়ে অশালীন মন্তব্য করেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, তিনি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর। অভিযোগে বলা হয়, তৌফিকুল ইসলাম প্রতিবাদ করলে মতিউর রহমান সাগর তার শার্টের কলার চেপে ধরে মুখে চড়-থাপ্পড় মারেন। একই সঙ্গে তিনি উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী মাসুদ রুমিকে মারতে এসেছিলেন বলেও দাবি করেন এবং তাদের না পেয়ে অভিযোগকারীকে মারধর করেছেন বলে হুমকি দেন। পরে অফিসের অফিস সহায়ক মো. সজিব হোসেন ও অফিস সহকারী মো. শামসুদ্দিন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে অফিস কক্ষের বাইরে নিয়ে যান। জিডিতে আরও উল্লেখ করা হয়, অফিস ত্যাগের সময় মতিউর রহমান সাগর অভিযোগকারীকে মামলা বা আইনগত ব্যবস্থা নিলে আবার অফিসে এসে মারধরের হুমকি দেন। পাশাপাশি অভিযোগকারী, তার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের নড়িয়ায় থাকতে দেবেন না বলেও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, "এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।" এবিষয়ে জানতে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর মোটোফোনে বলেন, তিনি ৬ মাসের মধ্যে তিনি নড়িয়া উপজেলায় যাননি। |