| শিরোনাম |
|
ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় কুমিল্লা বোর্ডে বহিষ্কার ২০, অনুপস্থিত ২ হাজার ৪২৭
রোবেল আহমেদ তানভীর, কুমিল্লা প্রতিনিধি
|
![]() ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় কুমিল্লা বোর্ডে বহিষ্কার ২০, অনুপস্থিত ২ হাজার ৪২৭ বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা যায়। তথ্য অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৭০৪ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ২ হাজার ৪২৭ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৮৫ শতাংশ। জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে কুমিল্লায় ৮৬৩ জন, নোয়াখালীতে ৫৭৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩০৪ জন, লক্ষ্মীপুরে ২৭৬ জন, চাঁদপুরে ২১৪ জন এবং ফেনীতে ১৯১ জন রয়েছে। অন্যদিকে, দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৮০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ ২০ জন, দিনাজপুর বোর্ডে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোর বোর্ডে ৮ জন, রাজশাহী বোর্ডে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন বহিষ্কার হয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ দিনের পরীক্ষা স্থগিত রাখা হয়। এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যে আরও জানানো হয়, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ২৩ হাজার ৭৩৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬২ শতাংশ। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ৬ দশমিক ৬৩ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ দশমিক ৪৭ শতাংশ। |