| শিরোনাম |
|
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাদকসেবনের অভিযোগ, টহল জোরদারের আশ্বাস ওসির
রোবেল আহমেদ তানভীর, কুমিল্লার প্রতিনিধি
|
![]() কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাদকসেবনের অভিযোগ, টহল জোরদারের আশ্বাস ওসির সরেজমিনে গিয়ে প্রতিবেদকের সঙ্গে কথা বলেন পাঁচজন স্থানীয় বাসিন্দা। তারা জানান, একসময় ঈদগাহ মাঠে নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা করলেও বর্তমানে সন্ধ্যার পর সেখানে যেতে অনেকেই নিরাপত্তাহীনতা অনুভব করেন। তাদের অভিযোগ, মাদকসেবনের কারণে মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ নিরুৎসাহিত হচ্ছেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “সন্ধ্যা হলেই কিছু যুবক মাঠের বিভিন্ন কোণায় জড়ো হয়। তাদের আচরণে আমরা আতঙ্কিত থাকি। পরিবার নিয়ে আসতে ভয় লাগে।” আরেকজন বলেন, “ঈদগাহ মাঠটি কুমিল্লার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান। এখানে যেন সবাই নিরাপদে আসতে পারেন, সে জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন।” এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে জানান, ঈদগাহ মাঠে যাতে কোনো ধরনের মাদকসেবন বা অপরাধমূলক কর্মকাণ্ড না ঘটে, সে জন্য পুলিশ নিয়মিত টহল জোরদার করবে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে ঈদগাহ মাঠের পরিবেশ স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষ আবারও নিরাপদে মাঠটি ব্যবহার করতে পারবেন। |