| শিরোনাম |
|
নজরুলের সাম্য ও মানবতার চেতনা ছড়িয়ে দিতে পিরোজপুরে নজরুল বর্ষের উদ্বোধন
মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি:
|
![]() নজরুলের সাম্য ও মানবতার চেতনা ছড়িয়ে দিতে পিরোজপুরে নজরুল বর্ষের উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে জাতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করেন উপস্থিত অতিথিরা। পরে জেলা প্রশাসক আবু সাঈদ জেলায় নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি বাঙালির মুক্তচিন্তার অন্যতম প্রেরণা। তাঁর আদর্শ ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাংস্কৃতিক চর্চা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, নজরুল বর্ষ উপলক্ষে পিরোজপুরে বছরব্যাপী নানা সাহিত্য, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব আয়োজন সফল করতে সরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানায়, বছরজুড়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান, প্রবন্ধ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে নজরুলের জীবন, কর্ম ও দর্শনকে জনমনে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। |