| শিরোনাম |
|
ভাওয়াল রাজদিঘী পুনরুদ্ধারে জোরালো উদ্যোগ
প্রশাসনের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকে সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা
মোঃ গোলাম রসূল
গাজীপুর মহানগর প্রতিনিধি
|
গাজীপুরের ইতিহাস-ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন ভাওয়াল রাজদিঘীকে পুনরুদ্ধার ও টেকসইভাবে সংরক্ষণের উদ্যোগ নতুন গতি পেয়েছে। এ লক্ষ্যে ‘ভাওয়াল রাজদিঘী সংস্কার ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন আন্দোলন’-এর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (২ জুলাই) গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানমের সঙ্গে পৃথক বৈঠক করেন।বৈঠকে রাজদিঘীর বিদ্যমান অবস্থা, স্কেচ ম্যাপ, সংস্কারের প্রস্তাবিত নকশা, বাস্তবায়নের ধাপ, প্রশাসনিক প্রক্রিয়া, সম্ভাব্য সময়সূচি এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ঐতিহাসিক এই জলাধারকে পরিবেশ, ঐতিহ্য ও নগর উন্নয়নের সমন্বিত অংশ হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিকও উঠে আসে। প্রতিনিধি দল ভাওয়াল রাজদিঘীর দ্রুত সংস্কার ও সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এটি শুধু একটি জলাশয় নয়; ভাওয়াল জনপদের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক। দীর্ঘদিনের অবহেলায় এর সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পরিকল্পিত সংস্কার ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে রাজদিঘীকে তার ঐতিহাসিক মর্যাদায় ফিরিয়ে আনা সময়ের দাবি। বৈঠক সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া অনুসরণ করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে। আন্দোলনের প্রতিনিধিরা মনে করেন, ভাওয়াল রাজদিঘীর পুনরুদ্ধার শুধু একটি জলাধার সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এটি গাজীপুরের ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মনোয়ার হোসেন রনি, সদস্য সচিব রফিকুল ইসলাম আলম, সদস্য সিরাজুল হক খোকা, তাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান, সঞ্জয় চক্রবর্তী, শেখ জাহিদ, ইঞ্জিনিয়ার মাসুম এবং রহিমা আক্তার রত্না। প্রতিনিধি দলের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা এবং নাগরিক সমাজের অংশগ্রহণে বহুদিনের প্রত্যাশিত ভাওয়াল রাজদিঘী পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরের অন্যতম ঐতিহাসিক এই জলাধার আবারও তার স্বকীয় রূপ, সৌন্দর্য ও ঐতিহ্য ফিরে পাবে। |