| শিরোনাম |
|
সাহিত্যের উৎসবে গুণীজনদের স্বীকৃতি: রয়েল সাহিত্য সম্মাননা-২০২৬
রানা আহম্মেদ, প্রতিনিধি
|
![]() সাহিত্যের উৎসবে গুণীজনদের স্বীকৃতি: রয়েল সাহিত্য সম্মাননা-২০২৬ রয়েল পাবলিকেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লেখক, কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে মিলনায়তন মুখর হয়ে ওঠে সাহিত্য-আলোচনায় ও সৃজনশীল আবহে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রয়েল পাবলিকেশনের প্রকাশক ও কর্ণধার মো. মনিরুল ইসলাম । উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক এম কে জাকির হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক ও লেখক ডা. অরূপরতন চৌধুরী, কথাসাহিত্যিক জামসেদ ওয়াজেদ, বীজবিস্তার ফাউন্ডেশনের সভাপতি ড. এম. এ. সোবহান এবং সায়রা সুলতানা অপু ও আরও অনেক গুণীজন। অনুষ্ঠানে সাহিত্য, প্রকাশনা ও শিল্প-সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ২০ জন লেখক, কবি, সাহিত্যিক ও প্রচ্ছদশিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ‘সেরা পাণ্ডুলিপি পুরস্কার’ বিভাগ বিশেষ গুরুত্ব পায়। এ বিভাগে সম্মানিত হন ডা. অরূপরতন চৌধুরী, জামসেদ ওয়াজেদ, খান আখতার হোসেন, উম্মে কুলসুম ঝুমু, সিফাত নুসরাত ও অধ্যাপক রোকেয়া বেগম। বক্তারা বলেন, সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়। এটি একটি জাতির চিন্তা, চেতনা, ইতিহাস ও সংস্কৃতির ধারক। মানবিক মূল্যবোধ ও সৃজনশীল সমাজ গঠনে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুগেও বই ও সাহিত্যের প্রতি মানুষের আগ্রহ কমে যায় না, বরং নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাপনী বক্তব্যে মো. মনিরুল ইসলাম বলেন, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন ও প্রতিশ্রুতিশীল লেখকদের সামনে আনার লক্ষ্য নিয়ে রয়েল পাবলিকেশন কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের সাহিত্যিক আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান। সম্মাননা প্রদান, সাহিত্যবিষয়ক আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শেষ পর্যন্ত সাহিত্যপ্রেমীদের কাছে হয়ে ওঠে এক স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ী মিলনমেলা। |