| শিরোনাম |
|
শিক্ষক সমিতির নির্বাচন। নালিতাবাড়ী। শেরপুর। ৬জুন-২০২৬
নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান
নিজস্ব প্রতিবেদক :
|
উৎসবমুখর পরিবেশে নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ছাতা প্রতীক নিয়ে সাইফুল ইসলাম সভাপতি এবং আনারস প্রতীক নিয়ে আব্দুল হান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।শনিবার (৬ জুন) তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত আটটার দিকে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির মোট ৩৯৬ জন ভোটারের মধ্যে ৩৭৯ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদ: সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ছাতা প্রতীকে ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি সুরুজ্জামান চেয়ার প্রতীকে পেয়েছেন ১০১ ভোট এবং অপর প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম চাকা প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট। সন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান আনারস প্রতীকে ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা বই প্রতীকে পেয়েছেন ১৬২ ভোট। এবারের নির্বাচনে সর্বমোট ১২টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্র প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। ভোটাররা অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় সকল শিক্ষক ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমিতির উন্নয়ন ও শিক্ষকদের অধিকার আদায়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। |