| শিরোনাম |
|
৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
|
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) ভোররাত ৩টা ৪০ মিনিটে আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হরষপুর-ধর্মঘর সড়কে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের রাসেল মিয়া (২০) ও লিটন মিয়া (২২)। এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ (ওসি) মাধবপুর থানার নির্দেশনায় কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ওই সড়ক দিয়ে যাতায়াত করবে। পরে নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে তল্লাশি অভিযান চালানো হলে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন বলে জানা গেছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রাসেল মিয়া আজগর আলীর ছেলে এবং লিটন মিয়া মৃত নাগর আলীর ছেলে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে তদন্তকারীদের ধারণা। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও অনুসন্ধান চলছে। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা নম্বর-০৯, তারিখ ৬ জুন ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) সোহেল রানা জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের নেটওয়ার্ক শনাক্ত করেও অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় সচেতন মহল মাধবপুরে পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করেছেন এবং মাদকের বিস্তার রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। |