| শিরোনাম |
|
নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জিয়াউর রহমানঃ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
|
দ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত কবির জীবন ও সাহিত্যকে স্মরণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা শিল্পকলার সহযোগিতায় “দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল” শীর্ষক এ অনুষ্ঠান গতকার সোমবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী হাসনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল এর সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুর চৌধুরী হক পাবেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. রোখসানা পারভীন চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাকির হোসেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ। আলোচনা সভায় বক্তারা কবি নজরুলের সাহিত্যকর্ম, সাম্য ও মানবতার বাণী, অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অনন্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, নজরুলের রচনা আজও অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সাহস ও প্রেরণা জোগায়। পরে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। |