রোববার ৭ জুন ২০২৬ ১৩:০৬:৪৬ পিএম
শিরোনাম নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭        রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায়        লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩​       
ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠালে সুবাস ছড়াচ্ছে সীমান্ত জনপদ
ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।
Published : Monday, 25 May, 2026
ব্রাহ্মণবাড়িয়ার কাঁঠালে সুবাস ছড়াচ্ছে সীমান্ত জনপদ
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলার লাল পাহাড়ি মাটিতে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় জেলার বিভিন্ন বাগানে ঝুলছে ছোট-বড় অসংখ্য কাঁঠাল। মৌসুমের শুরুতেই ভালো দাম পাওয়ায় খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা। অন্যদিকে তুলনামূলক কম দামে সুস্বাদু কাঁঠাল কিনতে পেরে স্বস্তিতে রয়েছেন ক্রেতারাও।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় ৯৯২ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। এ মৌসুমে প্রায় ২১ কোটি ৬ লাখ ৯ হাজার টাকার কাঁঠাল বিক্রির সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, জেলার পূর্ব ও দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী লাল মাটির এলাকায় সবচেয়ে বেশি কাঁঠালের আবাদ হয়। বিজয়নগর উপজেলার বিষ্ণপুর, কালাছড়া, ছতরপুর, পাহাড়পুর, মেরাসানি, আউলিয়াবাজার, চম্পকনগর ও সিঙ্গারবিল; কসবা উপজেলার গোপীনাথপুর, বায়েক, মন্দবাগ ও কায়েমপুর; এবং আখাউড়া উপজেলার আজমপুর, আমুদাবাদ, রাজাপুর ও আদমপুর এলাকার প্রায় প্রতিটি বাগানেই এখন কাঁঠালের সমারোহ।

স্থানীয় কৃষকদের ভাষ্য, এ অঞ্চলের লাল মাটিতে উৎপাদিত কাঁঠাল রসালো ও মিষ্টি হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। বাগান থেকেই পাইকাররা আকারভেদে প্রতি ১০০টি কাঁঠাল বিভিন্ন দামে কিনে নিচ্ছেন। ফলে লাভের মুখ দেখছেন বাগান মালিকরা। জেলার পাশাপাশি কুমিল্লা, নরসিংদী, ভৈরব, শ্রীমঙ্গল ও হবিগঞ্জ থেকেও ব্যবসায়ীরা এসে কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন।

বিজয়নগরের পাহাড়পুর গ্রামের বাগান মালিক তাসরিফ ইসলাম বলেন, “এবার ফলন অনেক ভালো হয়েছে। প্রতিদিন ১০০ থেকে ২০০ কাঁঠাল কাটা হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে বাগান থেকেই কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন। ভালো ফলনের কারণে আমরা লাভবান হওয়ার আশা করছি।”

ব্যবসায়ী সোহাগ মিয়া বলেন, “আমরা আগেই বাগান কিনে রেখেছিলাম। তখন প্রতি ১০০ কাঁঠাল ৫ থেকে ৬ হাজার টাকায় কিনেছি। এখন পরিপক্ক হওয়ায় ৮ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করতে পারছি। এই দাম থাকলে ভালো লাভ হবে।”

কাঁঠাল বাগান দেখতে আসা ব্রাহ্মণবাড়িয়া শহরের আজহার মিয়া বলেন, “সীমান্তবর্তী লাল মাটির কাঁঠালের স্বাদ আলাদা। দামও তুলনামূলক কম। তাই বাড়ি ফেরার সময় কিছু কাঁঠাল নিয়ে যাব।”

জেলার আনন্দবাজার এলাকার কাঁঠাল বিক্রেতা আব্দুল করিম জানান, তিনি বিজয়নগরের বিভিন্ন এলাকা থেকে কাঁঠাল এনে শহরের বাজারে বিক্রি করেন। প্রতিদিন প্রায় আড়াই’শ থেকে তিন’শ কাঁঠাল বিক্রি হয়। তার ভাষায়, “ক্রেতারা অন্য এলাকার চেয়ে বিজয়নগরের কাঁঠাল বেশি পছন্দ করেন।”

কাঁঠাল কিনতে আসা বিকাশ মুন্না মিয়া বলেন, “বিজয়নগরের কাঁঠালের স্বাদ ভালো হওয়ায় মানুষের কাছে এর চাহিদা বেশি। তাই আমিও এখানে কাঁঠাল কিনতে এসেছি।”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুনসী তোফায়েল হোসেন বলেন, “বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলার পাহাড়ি টিলাভূমির লাল অম্লীয় মাটি কাঁঠাল চাষের জন্য অত্যন্ত উপযোগী। অনুকূল আবহাওয়া ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় এ বছর ফলন ভালো হয়েছে। প্রতি বছরই এ অঞ্চলে কাঁঠালের আবাদ বাড়ছে।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com