| শিরোনাম |
|
পিরোজপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন দিবস উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি :
|
স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ১৯৮১ সালের ২১ মে পিরোজপুর আগমন দিবস উপলক্ষে দোয়া, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে সদর উপজেলার চলিশা বাজার এলাকায় জেলা পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। ৫নং টোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈনুল হাসান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ১৯৮১ সালের ২১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলিশা এলাকায় খাল খনন কার্যক্রমে অংশ নিতে পিরোজপুরে এসেছিলেন এবং নিজ হাতে কাজ করেছিলেন। সেই খাল আজও বহমান রয়েছে। শহীদ জিয়ার উন্নয়ন ভাবনা ও আদর্শকে সামনে রেখে জেলা পরিষদের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। |