| শিরোনাম |
|
পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলনের বিলেত জয়, পঞ্চমবার মেয়র নির্বাচিত
মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি:
|
যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র হিসেবে টানা পঞ্চমবার নির্বাচিত হয়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার (৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত কাউন্সিলরদের বার্ষিক সভায় ৯৯ শতাংশ সমর্থন পেয়ে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন।রৌশন আরা দোলন পিরোজপুর পৌর শহরের সিআইপাড়া এলাকার ইংল্যান্ডপ্রবাসী ব্যবসায়ী রেজাউর রহমান জামানের স্ত্রী। রেজাউর রহমান প্রয়াত আফসার উদ্দিনের ছেলে। তাদের আদি বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামে। নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় রৌশন আরা দোলন বলেন, “পঞ্চমবারের মতো রামসগেটের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। শহরের স্বেচ্ছাসেবক, সংগঠক, দাতব্য সংস্থা ও সাধারণ বাসিন্দাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় রামসগেটকে আরও সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ চালিয়ে যাব।” জানা গেছে, রামসগেট শহরের ইতিহাসে তিনিই প্রথম এশীয় নারী মেয়র। ২০১৯ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে এ পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন রৌশন আরা দোলন। বিশেষ করে গৃহহীন মানুষের আবাসনের ব্যবস্থা, করোনাকালে মানবিক সহায়তা এবং শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে তার ভূমিকা ব্যাপক প্রশংসিত হয়। রৌশন আরা দোলন ১৯৭৮ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। ২০১৭ সালে তিনি যুক্তরাজ্যে লেবার পার্টির সংসদ সদস্য প্রার্থী হিসেবেও নির্বাচন করেছিলেন। বাংলাদেশ ও যুক্তরাজয়—দুই দেশেই সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন রৌশন আরা দোলন। তার ও স্বামী জামানের মালিকানাধীন ‘রামসগেট তান্দুরি’ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জননী। বড় ছেলে রাইভী শামস রহমান যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর এডুকেশনে আইন উপদেষ্টা হিসেবে কর্মরত এবং ছোট ছেলে জুনায়েদ রহমান কলেজে অধ্যয়নরত। রৌশন আরা দোলনের পৈতৃক বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে। তার বাবা ইঞ্জিনিয়ার রজ্জব আলী। |