| শিরোনাম |
|
বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার
পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার
বরগুনা প্রতিনিধি:
|
বরগুনার বেতাগী উপজেলার সরিষা মুড়ি ইউনিয়নের সরিষামুড়ি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রহমান খানের ছেলে রাসেল খানের বসতঘরে হঠাৎ করে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় ঘরের ভেতরে কেউ না থাকলেও আশেপাশের লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আশেপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরের ভেতরে থাকা কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় রাসেল খানের পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। পরিবারের একজন সদস্য মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয়রা জানান, সামনে বর্ষা মৌসুম ঘনিয়ে আসছে, অথচ এই পরিবারের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। তাই দ্রুত সময়ের মধ্যে একটি বসতঘর নির্মাণে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। |