| শিরোনাম |
|
ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু
ভোলা প্রতিনিধি:
|
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম (৪০)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুরুতর আহত হলেও অসাধারণ বুদ্ধিমত্তায় মৃত্যুর ভান করে প্রাণে বেঁচে যায় তার ৮ বছরের শিশু সন্তান আবির। শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রবাসী আল আমিনের স্ত্রী নাসিমা বেগমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় তার একমাত্র ছেলে আবির (৮)কেও ছুরিকাঘাত করা হয়। তবে মৃত্যুর ভান করে অলৌকিকভাবে প্রাণে রক্ষা পায় শিশুটি। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও আহত শিশুর বর্ণনা অনুযায়ী, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে মা-ছেলে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মোবাইলের আলো জ্বালিয়ে নাসিমা বেগমকে এলোপাতাড়ি কুপাতে থাকে। এ সময় আবির জেগে উঠলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে বুদ্ধি খাটিয়ে মৃতের ভান করে ঘরের এক কোণে পড়ে থাকে সে। দুর্বৃত্তরা নাসিমার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। সারারাত আতঙ্কে থাকা আবির ভোর হলে বাইরে এসে প্রতিবেশীদের ডেকে ঘটনা জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত শিশুটিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আবির জানায়, হামলাকারীদের মধ্যে একজনকে সে চিনতে পেরেছে—স্থানীয় জামাল মেম্বারের ছেলে বলে দাবি তার, যদিও নাম বলতে পারেনি। প্রতিবেশী নাজিম উদ্দিন জানান, শিশুটি গুরুতর আহত অবস্থায় এসে ঘটনাটি জানালে তারা জরুরি সেবা ৯৯৯-এ কল দেন এবং পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |