| শিরোনাম |
|
পাবনা শহরে দিন দিন বাড়ছে যানজট, ভোগান্তিতে জনজীবন
পাবনা প্রতিনিধি:
|
পাবনা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে শহরের জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। দিন দিন এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, অনেক সময় যানবাহন বাদ দিয়ে হেঁটে চলাচল করাও প্রায় অসম্ভব হয়ে পড়ে।প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যানজট লেগেই থাকে। বিশেষ করে এডওয়ার্ড কলেজ মোড়, আলিয়া মাদ্রাসা সংলগ্ন সড়ক, ট্রাফিক মোড়, ইন্দিরা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও পোস্ট অফিস মোড়ে যানজটের ভয়াবহ চিত্র দেখা যায়। সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিং, সংকীর্ণ রাস্তা এবং বিভিন্ন স্থানে ইউ-টার্নের কারণে যানজট আরও বেড়ে যাচ্ছে। শহরে আগের তুলনায় ইজিবাইক ও অটোরিকশার সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে স্বল্প দূরত্ব অতিক্রম করতেও এখন দীর্ঘ সময় লেগে যাচ্ছে। পাবনা শহরের নয়নামতি এলাকার বাসিন্দা হুমায়ূন রাশেদ জানান, “অনেক সময় পাঁচ মিনিটের রাস্তা পার হতে এক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।” পাবনা পৌরসভার ট্রেড লাইসেন্স ইনসপেক্টর মির্জা মো. রইচ উদ্দিন জানান, বর্তমানে শহরে অটোবাইক ও রিকশার সংখ্যা ৯ হাজারেরও বেশি। এর মধ্যে পৌরসভা থেকে অটোবাইকের ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে প্রায় ৩ হাজার ৫০০টি এবং ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স রয়েছে ৪ হাজার ২৩৪টি। তবে বাস্তবে এর চেয়ে অনেক বেশি অটোরিকশা শহরে চলাচল করছে। তিনি বলেন, লাইসেন্সবিহীন অটোবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে মাঝেমধ্যে অভিযান পরিচালনা করা হলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পাবনা ট্রাফিক ইন্সপেক্টর সাদাকাতুল বারী জানান, যানজট নিরসনে পাবনা পৌরসভা ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, শহরে অবৈধ ইজিবাইক ও অটোরিকশার সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়াই যানজটের অন্যতম প্রধান কারণ। এদিকে পাবনা সদর (পাবনা-৫) আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস জানান, শহরের যানজট সমস্যা সমাধানে শহরের ভেতর দিয়ে যাওয়া প্রধান সড়কটি চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “এটি আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। নির্বাচিত হওয়ার পরপরই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।” পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ বলেন, “পাবনা শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করার জন্য সরকারের কাছে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী অর্থবছরেই এই প্রকল্প অনুমোদন পাবে।” এদিকে দ্রুত রাস্তা প্রশস্তকরণ, সড়কে যত্রতত্র পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে পাবনা শহরকে যানজটমুক্ত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। |