| শিরোনাম |
|
নির্বাচনের পর ইয়াবা ব্যবসা বন্ধের ঘোষণা
গনকণ্ঠ প্রতিবেদক (বাঞ্ছারামপুর)
|
![]() নির্বাচনের পর ইয়াবা ব্যবসা বন্ধের ঘোষণা স্থানীয় সূত্র জানায়, প্রকাশ্যে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কালা চোরকে কয়েকবার জনতার হাতে ধরা পড়তে হয়েছে। প্রতিবারই তিনি মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কিছুদিন পর আবারও তার রমরমা কার্যক্রম চোখে পড়ে। এ কারণে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে—তিনি আদৌ কখনো পরিবর্তিত হবেন কি না। মাস কয়েক আগে মাদকবিরোধী অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতা আকরাম হায়দারের হাতে ধরা পড়েন কালা চোর। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ভিডিওতে কথিত চোরাই মালামালও দেখা যায়। সে সময় কালা চোর কয়েক মাসের মধ্যেই মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু সম্প্রতি আকরাম হায়দার আবারও তার প্রতিশ্রুতির অগ্রগতি জানতে গেলে দেখা যায়, মাদক ব্যবসা আগের মতোই চলমান। এ সংক্রান্ত আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে কালা চোরকে বলতে শোনা যায়—তিনি নির্বাচনের পর এই ব্যবসা ছেড়ে দেবেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আকরাম হায়দার। তিনি জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। কালা চোরের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আইনগত সীমাবদ্ধতার কারণে কিছুটা ছাড় দিতে হলেও নজরদারি জোরদার রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে এলাকাবাসীর একাংশ মনে করছেন, বারবার আশ্বাস দিয়ে সময় পার করাই যেন কালা চোরের কৌশল। তাদের ভাষায়, “কথার বদলে যদি কাজ না দেখা যায়, তাহলে এমন প্রতিশ্রুতির আর কোনো মূল্য থাকে না।” |