| শিরোনাম |
|
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই
ক্রীড়া ডেস্ক
|
![]() ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই বিশ্বকাপের সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে একটি সেমিফাইনালসহ মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দল নাকি ভারতে খেলা নিয়ে আপত্তি তুলেছে—এমন খবরও ছড়িয়েছে। যদিও ভারত সরকার এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বিশ্বকাপ আয়োজন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাস নতুন কোনো বিষয় নয়। রাজ্যে এ নিয়ে অষ্টমবারের মতো ভাইরাসটি শনাক্ত হয়েছে। সম্প্রতি দুই নারী নার্সের শরীরে নিপাহ ভাইরাস ধরা পড়েছে। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিকে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে দেখার কোনো কারণ নেই। এটি একটি নিয়ন্ত্রিত স্থানীয় প্রাদুর্ভাব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে নজরদারি, পরীক্ষাগার পরীক্ষা এবং মাঠপর্যায়ের তদন্ত চালিয়ে সময়মতো সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এখন পর্যন্ত নতুন কোনো নিপাহ রোগী শনাক্ত হয়নি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমান অবস্থার ভিত্তিতে ভ্রমণ বা বাণিজ্য সংক্রান্ত কোনো বিধিনিষেধ আরোপের সুপারিশও করেনি সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্ককে ভিত্তিহীন বলে মনে করছে বিসিসিআই। সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, “খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। যেকোনো স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেয়া হয়। তবে আপাতত বড় কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না।” তিনি আরও বলেন, “নিপাহ ভাইরাসের সর্বশেষ দুই রোগী বারাসাতে শনাক্ত হয়েছেন, যা ইডেন গার্ডেন্স থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। ফলে ম্যাচ আয়োজন নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা নেই।” বিসিসিআইয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কলকাতা থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ভিন্ন কোনো নির্দেশনা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমান পরিস্থিতিতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বকাপ আয়োজনের পথে কোনো বাধা সৃষ্টি করছে না। |