| শিরোনাম |
|
বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে সরাসরি মন্তব্য এড়াল বিসিসিআই
গনকণ্ঠ ডেস্ক
|
![]() বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে সরাসরি মন্তব্য এড়াল বিসিসিআই আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অংশগ্রহণকারী দলগুলো যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে কি না—এই প্রশ্নে জল্পনা এখনো কাটেনি। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্যে, ঠিক তখনই বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সচিব দেবাজিৎ সাইকিয়া। বিসিসিআইয়ের এক বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর অনুরোধ নিয়ে আইসিসির কাছে বিসিবির আবেদনের বিষয়ে বোর্ডের অবস্থান কী। তবে এ বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য না করে কৌশলী জবাব দেন বিসিসিআই সচিব। দেবাজিৎ সাইকিয়া বলেন, ‘এই বৈঠক মূলত সেন্টার অব এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেটবিষয়ক আলোচনা নিয়ে ছিল। (বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না) এটি আমাদের আলোচনার বিষয় নয়।’ উল্লেখ্য, এর আগে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার বিষয়ে বিসিসিআইয়ের অবস্থান প্রকাশ্যে আসে, যা নিয়ে আলোচনা ও বিতর্ক শুরু হয়। সেই বিতর্ক এখনো পুরোপুরি থামেনি। |