| শিরোনাম |
|
সিরিয়ায় সংঘর্ষের পর সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা
গনকণ্ঠ ডেস্ক
|
![]() সিরিয়ায় সংঘর্ষের পর সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে কয়েক দিন ধরে চলা সংঘর্ষের পর সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ও সরকারি বাহিনীর মধ্যে এই সংঘর্ষ চলছিল। শুক্রবার (৯ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা থেকে আলেপ্পোর শেখ মাকসুদ, আশরাফিয়েহ ও বানি জায়দ এলাকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোকে এসব এলাকা ছাড়ার জন্য ৬ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। আলজাজিরা জানিয়েছে, মাঠপর্যায়ের তথ্যে দেখা যাচ্ছে—যুদ্ধবিরতি কার্যকর হলেও আলেপ্পোর আশরাফিয়েহ এলাকায় রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটি ফোর্স তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ৪৮ ঘণ্টায় শেখ মাকসুদ ও আশরাফিয়েহ এলাকা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ নিরাপত্তার কারণে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক রয়েছেন। |