| শিরোনাম |
|
অবসরের আগে দেশে ফিরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান সাকিব আল হাসান
ক্রিয়া প্রতিবেদক :
|
|
অবসরের আগে দেশে ফিরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান সাকিব আল হাসান ভারতের কানপুরে শেষবার জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত না থাকলেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি। রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৪ সালের মে মাসের পর বাংলাদেশে ফেরা হয়নি তার। পরিকল্পনা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানানো, কিন্তু বিভিন্ন জটিলতায় সে পথ বন্ধ হয়ে যায়। তবুও দেশের মাটিতে শেষবার খেলতে পারার ইচ্ছা এখনো তার মধ্যে প্রবল। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলছেন সাকিব। লিগের ব্যস্ততার মধ্যেই মঈন আলীর সঙ্গে একটি পডকাস্টে তিনি জানান, তিন ফরম্যাট থেকেই অবসর নিলেও সেটা হবে দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে। তার ভাষায়, তিনি একটি সিরিজে অংশ নিয়ে ধাপে ধাপে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট—সব ফরম্যাট থেকেই বিদায় নিতে চান। কোন ফরম্যাট আগে হবে, সেটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়, বরং দেশের দর্শকদের সামনে শেষবার মাঠে নেমে বিদায় জানানোর অনুভূতিটাই তার কাছে বেশি মূল্যবান। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে মামলা হওয়ায় দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। যদিও সেই সময় তিনি দেশে ছিলেন না, এরপর পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট খেলতে তিনি দলের সঙ্গে যোগ দেন। কানপুরের টেস্টই হয়ে আছে তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। দেশে ফিরতে পারবেন কি না, এমন প্রশ্নে তিনি আশা প্রকাশ করে বলেন, খেলাধুলায় যে কথা বলা হয়, সেটা ধরে রাখার ইচ্ছা তার সবসময়ই থাকে। পারফরম্যান্স যাই হোক, ভক্তদের সমর্থনের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার স্বপ্নই তাকে অনুপ্রাণিত করছে। ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি সাকিবের রাজনৈতিক পরিচয়ও রয়েছে। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পডকাস্টে তিনি ইঙ্গিত দিয়েছেন, ক্রিকেট জীবনের ইতি টানলেও জনসেবার পথ তিনি ছাড়তে চান না। তার মতে, মাগুরা এবং দেশের মানুষের জন্য দায়িত্ব পালন করার ইচ্ছা তার এখনও অটুট। সবকিছু মিলিয়ে সাকিবের ভবিষ্যৎ নির্ভর করছে দেশের পরিবেশ ও ব্যক্তিগত পরিস্থিতির ওপর। তবে তিনি আশাবাদী, সুযোগ হলে দেশের মাঠে শেষবার ব্যাট-বল হাতে নিয়ে বিদায় জানানোর সেই বিশেষ মুহূর্ত তিনি উপহার দিতে পারবেন সমর্থকদের। |