| শিরোনাম |
|
ঘোষিত তারিখে ক্লাস শুরু না হওয়ায় সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ঘোষিত তারিখে ক্লাস শুরু না হওয়ায় সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত সময়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ক্লাস শুরু না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তারা নিউমার্কেট এলাকায় বিক্ষোভে নামেন এবং সায়েন্সল্যাব মোড়ে এক পর্যায়ে মিরপুর সড়কও অবরোধ করে রাখেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সাত কলেজকে একত্রিত করে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস ২৩ নভেম্বর থেকেই শুরুর কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ এখনো চূড়ান্ত হয়নি, পাশাপাশি ভাইস–চ্যান্সেলর নিয়োগ হয়নি—এসব প্রশাসনিক জটিলতায় তাদের পড়াশোনা অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। এই উদ্বেগ থেকেই তারা রাস্তায় নেমেছেন। এক শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, “অধ্যাদেশ আর ভিসি ছাড়া তো স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করাই সম্ভব না। দুইটা বিষয় দ্রুত সমাধান না হলে আমরা নিয়মিত পড়াশোনাই চালাতে পারব না। ক্লাস শুরুর তারিখ শুধু ঘোষণা করলেই হবে না, বাস্তবায়নও হওয়া দরকার।” বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা আক্তার বলেন, “আমাদের ভবিষ্যৎ নিয়ে কেউ গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় না। শিক্ষকরা পর্যন্ত ঠিকমতো কিছু জানেন না। আমরা চাই অনিশ্চয়তা কাটিয়ে দ্রুত ক্লাস শুরু করা হোক।” পরে জানা যায়, ভর্তি কার্যক্রম এখনো ২৫ নভেম্বর পর্যন্ত চলমান থাকায় নতুন ক্লাস শুরুর সময় পিছিয়ে নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর। শনিবার প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। যদিও এর আগে ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল—সাত কলেজের নতুন শিক্ষাবর্ষের ক্লাস ২৩ নভেম্বরেই শুরু হবে। অবরোধের কারণে মিরপুর সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক জানান, “শিক্ষার্থীরা ক্লাস শুরুর বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সড়কে নেমেছিল। কিছুক্ষণ পরই তারা সরে যায়। এখন রাস্তার অবস্থা স্বাভাবিক।” |