| শিরোনাম |
|
মাস্তুল ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে অনুষ্ঠিত হলো “স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন” সচেতনতামূলক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক :
|
![]() মাস্তুল ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে অনুষ্ঠিত হলো “স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন” সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। আরও উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত ফিলিস্তিনের শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্মী, গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা। রাষ্ট্রদূত রামাদান তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সহানুভূতি আমাদের হৃদয় ছুঁয়ে যায়। মাস্তুল ফাউন্ডেশনের এই আয়োজন নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য এক আশার বার্তা বহন করে। এটা প্রমাণ করে, মানবতা এবং ন্যায়ের প্রশ্নে জাতি, ভূগোল বা ধর্ম কোনও প্রতিবন্ধকতা হতে পারে না।” মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, “আজকের বিশ্বে যখন মানবাধিকার লঙ্ঘন বেড়ে চলছে, তখন নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। আমরা চাই, ফিলিস্তিনের কণ্ঠ বিশ্বব্যাপী আরও জোরালোভাবে প্রতিধ্বনিত হোক এবং তাদের দুঃখ-দুর্দশা সবার দৃষ্টিগোচর হোক।” অনুষ্ঠানে ফিলিস্তিনি শিক্ষার্থীরা গাজার বাস্তবতা এবং নিজেদের পরিবারের কষ্টের কথা তুলে ধরেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে। তাদের বক্তব্যে উঠে আসে যুদ্ধ, অনিশ্চয়তা, এবং ভবিষ্যতের প্রতি শঙ্কা। অনুষ্ঠানের শেষ ভাগে একটি অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়, যার মাধ্যমে গাজায় বসবাসরত বিপন্ন পরিবারদের জন্য জরুরি খাদ্য, ওষুধ এবং স্বাস্থ্যসেবার সহায়তা পাঠানো হবে। মাস্তুল ফাউন্ডেশন এই আয়োজনে অংশগ্রহণকারী সকল অতিথি, শুভাকাঙ্ক্ষী এবং দানদাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতেও এমন মানবিক ও সচেতনতামূলক উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে প্রতিষ্ঠানটি। |