রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২:৩১ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
জিম্বাবুয়ের বিপক্ষেও এই দশা: কী বলবেন নাজমুল–মুশফিকরা
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 20 April, 2025
জিম্বাবুয়ের বিপক্ষেও এই দশা: কী বলবেন নাজমুল–মুশফিকরা

জিম্বাবুয়ের বিপক্ষেও এই দশা: কী বলবেন নাজমুল–মুশফিকরা

সিলেটের আবহাওয়ার নিজস্ব একটা ঢং আছে। কখন রোদ উঠবে, কখন বৃষ্টি নামবে, বোঝা কঠিন। সেই সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলও দেখিয়েছে ব্যাটিংয়ের নিজস্ব ঢং। কখন যে কী হবে, বোঝা কঠিন!

যখনই কেউ উইকেটে থিতু হয়েছেন, বড় ইনিংস খেলার আশা জাগিয়েছেন, তখনই উইকেট উপহার দিয়ে এসেছেন! আর হঠাৎ ব্যাটিং–ধস তো সেই কবে থেকেই বাংলাদেশের ব্যাটিংয়ের অবিচ্ছেদ্য অংশ।

বাটিংয়ে চিরাচরিত সবকিছুই যখন এভাবে দাঁড়ি-কমাসহ মিলে যাবে, সেদিন বাংলাদেশের সংগ্রহ বড় না হওয়াটাই তো স্বাভাবিক। হয়েছে সেটাই। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ১৯১ রানে।

উপহার না দিলে এই উইকেটে ব্যাটসম্যানদের আউট করা যে কঠিন, সে তো প্রথম দিনের শেষবেলায় জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ব্যাটিং দেখেই বোঝা গেছে। কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান নিয়ে দিনের খেলা শেষ করেছেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। বেনেট ৩৭ বলে ৪০ রানে অপরাজিত, কারেন ৪৯ বলে ১৭ রানে। প্রথম দিনে খেলা হয়েছে ৭৫.১ ওভার, জিম্বাবুয়ে পিছিয়ে ১২৪ রানে।

বাংলাদেশি ঢঙের ব্যাটিংয়ের ‘নেতৃত্বে’ ছিলেন অধিনায়ক নাজমুল হোসেনই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ২০২৪ সালে নিজের ব্যাটিংয়ের কিছু ভুল তুলে ধরেছিলেন বাংলাদেশ অধিনায়ক। ৩০-৪০ রানের ইনিংসগুলোকে কীভাবে বড় করা যায়, সেটি নিয়েই কাজ করেছেন বলে জানান নাজমুল। এত কিছু বলে বছরের প্রথম টেস্টে সেই একই ভুল! ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরে করা শর্ট বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ৪০ রানে।

সাদা পোশাকের ক্রিকেটে কেন এমন শট খেলতে গেলেন, এই যুগে সেই প্রশ্ন তোলার সুযোগ নেই। বরং অফ স্টাম্পের বাইরে থাকা বলটি কেন ফিল্ডারের হাতে গেল, সেই প্রশ্ন নিজেকে করতে পারেন নাজমুল। সঙ্গে আর কত দিন ভালো খেলতে খেলতে মনোযোগ হারিয়ে এভাবে উইকেট দিয়ে আসবেন, সেটিও!

নাজমুলের বিদায়ে যিনি উইকেটে আসেন, সেই মুশফিকুর রহিম যেভাবে আউট হয়েছেন, তা আরও দৃষ্টিকটু। ওয়েলিংটন মাসাকাদজার যে বলটিতে আউট হয়েছেন, সেটিতে চার মারার চেয়ে আউট হওয়া কঠিন। মুশফিক কঠিন কাজটাই করেছেন। নিরীহ শর্ট বলে মিডউইকেটে ক্যাচ দিয়েছেন ৪ রান করে।

ক্রিকেটে দিনটা নিজেদের হলে অবিশ্বাস্য কিছুই করেন ব্যাটসম্যানরা। অন্তত বিশ্বমানের ক্রিকেটে সেটাই হয়। তবে আজ মুমিনুল হকের বিষয়টি ছিল অন্য রকম। শূন্য রানে জীবন পেয়েছেন, এজ হয়ে চার পেয়েছেন কয়েকটি। এরপরও ৫৬ রানের বেশি করতে পারেননি।

হয়তো বুঝতেই পারেননি, ভাগ্যবিধাতাও তাঁর কাছ থেকে একটা বড় ইনিংস চাইছেন! তাই শেষ পর্যন্ত মাসাকাদজার হাওয়ায় ভাসানো বলে স্লগ সুইপ খেলতে গিয়ে মিডউইকেটে ক্যাচ দিয়েছেন।

কাছাকাছি সময়ে বাউন্সারে ব্যাটসম্যানদের একের পর এক পরীক্ষা নিচ্ছিলেন মুজারাবানি। এই পেসার গতির ঝড় তুলতে না পারলেও সিলেটের উইকেট আর নিজের উচ্চতা কাজে লাগিয়ে বাউন্স ঠিকই আদায় করেছেন। ব্যাটসম্যানদের বিপদে ফেলেছেন। তাঁর লাফিয়ে ওঠা বলে অনেকটা অসহায় আত্মসমর্পণ করে উইকেটের পেছনে ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজ।

দলের ৪ জন মূল ব্যাটসম্যানের এমন হতশ্রী বিদায়ে ব্যাটিং–ধস তো হবেই! এরপর তাইজুল ইসলামও যোগ দেন এই তালিকায়। এতে ২ উইকেটে ৯৮ রান করা বাংলাদেশ পরের ৫৬ রান করতে হারায় ৫ উইকেট। ১৪৬ রানে ৭ উইকেট হারানোর পর লেজের ব্যাটসম্যানদের নিয়ে জাকের আলী লড়াইটা না করলে সংগ্রহটা আরও ছোট হতে পারত। সেখান থেকে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন জাকের।

সেই জুটি ১৮৭ রানে ভাঙার পর বাংলাদেশ দল আর টিকেছে ৯ বল। যোগ করতে পেরেছে ৪ রান। জাকের আউট হয়েছেন ২৮ রানে। ঘরের মাঠে টেস্টে ২০০ রানের নিচে গুটিয়ে যাওয়া অনেকটা অভ্যাসে পরিণত করেছে বাংলাদেশ। দেশের মাটিতে সর্বশেষ ৮ ইনিংসে এ নিয়ে ছয়বার দুই শর নিচে অলআউট।

মুজারাবানি উইকেট নিয়েছেন ৩টি। প্রথম দিনে নাহিদ রানার সঙ্গে লড়াইয়ে আপাতত এগিয়েই আছেন এই পেসার। বল হাতে ৩ উইকেট নিয়েছেন স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাও।

অথচ তাঁকে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন প্রথম বল দেন ম্যাচের ৩৮তম ওভারে। বাংলাদেশের ব্যাটসম্যানরা যে এত এত ‘উপহার’ দেবেন, আরভিনের অবশ্য তা জানার কথা নয়!

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ১৯১ (মাহমুদুল ১৪, সাদমান ১২, মুমিনুল ৫৬, নাজমুল ৪০, মুশফিক ৪, জাকের ২৮, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, খালেদ ৪*, নাহিদ রানা ০; মুজারাবানি ৩/৫০, মাসাকাদজা ৩/২১, মাধেভেরে ২/২, নিয়াউচি ২/৭৪, এনগারাভা ০/৩৭)।

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১৪.১ ওভারে ৬৭/০ (বেনেট ৪০*, কারেন ১৭*; হাসান ০/১৬, নাহিদ রানা ০/২১, খালেদ ০/১১, মিরাজ ০/১০)।

* ১ম দিন শেষে ১২৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com