| শিরোনাম |
|
ডেমরায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
|
রাজধানীর ডেমরায় কতিপয় চিহ্নিত দুর্বৃত্তরা মো. হাবিবুর রহমান মোল্লা (৩৪) নামে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। শুক্রবার সন্ধার পরে ডেমরা বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। হাবিবুর সাবেক ডেমরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি বর্তমানে স্থানীয় যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম আহবায়ক পদপ্রার্থী। পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা হত্যার চেষ্টায় এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারের লোকজন। তিনি ডেমরা মালা মার্কেট এলাকার মঞ্জুর আলী মোল্লার ছেলে।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বাবা মঞ্জুর আলী জানায়, শুক্রবার সন্ধার পরে একটি ইফতার পার্টি শেষে বাড়ি ফিরছিলেন হাবিবুর। এদিকে পূর্ব পরিকল্পিতভাবে ডেমরা বাজারে ওঁৎ পেতে থাকা ছাত্রলীগ নামধারি কিশোর গ্যাং সদস্য জমজ ভাই শান্ত,প্রান্ত ও তাদের সহযোগী মারুফ, ইমনসহ অজ্ঞাত ১০-১২ জন হাবিবুরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা হাবিবুরের মাথায় কেচি ও চাপাতি দিয়ে কোপায়। এ সময় ভুক্তভোগী চাপাতির কোপ থেকে কিছুটা রক্ষা পেলেও কেচির সরাসরি আঘাতে মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। একই সময় সহযোগীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে হাবিবুরকে বেধড়ক মারধর করলে তার কপাল ও চোখের ভ্রুসহ শরীরের বিভিন্ন স্থানে অঘাতপ্রাপ্ত হয় সে। এ ঘটনায় ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাবিবুরকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় কয়েকটি সিলি দিতে হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, দুর্বৃত্তরা সাবেক ছাত্রদল নেতা হাবিবুরকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেছে এমন খবর পেয়েছি। এ ঘটনায় ঢামেকে ও ঘটনাস্থলে পৃথকভাবে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। |