| শিরোনাম |
|
ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ
মাহিম আল খোকন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
|
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় কংস নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ বালুভর্তি ট্রাকের অতিরিক্ত চাপে ভেঙে নদীতে পড়ে গেছে। এতে ধোবাউড়া-তারাকান্দা আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।রোববার সকালে বালুবাহী একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ করে ব্রিজের মাঝামাঝি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি ব্রিজের ভাঙা অংশে আটকে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজনের বালু ও পণ্যবাহী যানবাহন চলাচলের কারণে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং বিকল্প পথে চলাচল করতে বাধ্য হন যাত্রীরা। ধোবাউড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী ইন্দ্র ভুষণ বিশ্বাস বলেন, অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাক চলাচলের সময় বেইলি ব্রিজটির মাঝামাঝি অংশ ধসে পড়ে। ফলে ধোবাউড়া-তারাকান্দা সড়কে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে গুরুত্বপূর্ণ এই সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে ধোবাউড়া-তারাকান্দা সড়কের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত একটি বিকল্প সেতু নির্মাণ অথবা অস্থায়ী বেইলি ব্রিজ স্থাপনের দাবি জানিয়েছেন। |