| শিরোনাম |
|
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক
ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন,
|
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুরে একটি মাদ্রাসার প্রিন্সিপালকে এক ছাত্রের মায়ের সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ পাওয়ার অভিযোগে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে জিনদপুর বাজার এলাকায় অবস্থিত মারকাজুত তাজবীদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসার একটি কক্ষে ওই নারী ও মাদ্রাসার প্রিন্সিপালকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপর তারা দুজনকে আটক করে রাখেন। বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জল হোসাইনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকেও থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর জিনদপুর বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় অভিভাবকরা মাদ্রাসার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব কান্দি নাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাদ্রাসার প্রিন্সিপাল ও ওই নারীকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |