| শিরোনাম |
|
নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২
নেত্রকোনা প্রতিনিধি :
|
নেত্রকোনার মদনে পাচারের সময় ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ করা হয়েছে। উপযুক্ত প্রমাণ পত্র না থাকায় ট্রাকের চালক সহ দুইজনকে আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে তিনজনের নাম উল্লেখ সহ আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে খাদ্য গুদামের ওসিএলএসিড মাহমুদুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মৈধাম সাম্য ফিলিং স্টেশনের সামনে নেত্রকোনা-মদন আঞ্চলিক মহাসড়ক থেকে চাল ভর্তি ট্রাকটি জব্দ করে প্রশাসন। তবে স্থানীয়দের দাবী এসব অনিয়মের সাথে খাদ্যগুদামে লোকজন জড়িত রয়েছে। সরকারী ২০ মেট্রিকটন চাল, ট্রাক জব্দ ও দুজনের আটক সহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার পরিদর্শক তদন্ত অসীম কুমার দাস। আটককৃতরা হলেন- ট্রাক চালক শামীম মিয়া (২৮) ও তারই সহকারী শাহিন মিয়া (২৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ২০মেট্রিকটন (৬৬৭বস্তা) সরকারি চাল ভর্তি একটি ট্রাক বের হয়। ট্রাকে সরকারি সিলমোহর যুক্ত চালগুলো জেলার বারহাট্টার বাউসীর তালুকদার রাইস মিলে নিয়ে যাচ্ছিল চালক। প্রথমে মদন পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় কয়েকজন লোক বাঁধা দেন। পরে তাদের ম্যানেজ করে ট্রাকটি ছেড়ে যায়। কিন্তু উপজেলা শহর থেকে এক দেড় কিলোমিটার দূরে সাম্য ফিলিং স্টেশনের সামনে পৌছানো মাত্রই সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাল সহ ট্রাক আটক করে। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ওসিলিটি নিজে উপস্থিত থেকে গুদাম থেকে চাল গুলো বের করে দেন। পরে পুরাতন বাস স্ট্যান্ডে চালের গাড়ি বাঁধা প্রাপ্ত হলে তিনি কৌশলে চলে যান। মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসিড) মাহমুদুল আলম কে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, ২০মেট্রিকটন চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিয়মিত মামলা করার করার জন্য এসিল্যান্ড ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে নির্দেশ দিয়েছেন। পরিদর্শক তদন্ত অসীম কুমার দাস জানান, বিশেষ ক্ষমতা আইনে তিনজনের নাম উল্লেখসহ আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা রুজু হয়েছে। আটককৃতদের শুক্রবার বিকেলে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হবে। |