| শিরোনাম |
|
আইজিপি ব্যাজ পেলেন পিরোজপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার
মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি:
|
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ (আইজিপি ব্যাজ)” অর্জন করেছেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নারসিন জাহান।সম্প্রতি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাদের বুকে এ সম্মানজনক ব্যাজ পরিয়ে দেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরে দায়িত্ব পালনের সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তার নেতৃত্বে জেলার বিভিন্ন থানায় অপরাধ দমন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নারসিন জাহানও পেশাগত দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে প্রশংসা অর্জন করেছেন। মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকেও আইজিপি ব্যাজ প্রদান করা হয়। এ সম্মাননা অর্জনে পিরোজপুর জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও দুই কর্মকর্তাকে অভিনন্দন জানানো হয়েছে। |