| শিরোনাম |
|
নড়াইলে দাফনের ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়
স্টাফ রিপোর্টার ::
|
![]() নড়াইলে দাফনের ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মুকুল মোল্যা লোহাগড়া উপজেলার রামপুর এলাকার একটি নিরিবিলি পিকনিক স্পটে কাউন্টার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ২৭ আগস্ট বিকেলে একই উপজেলার রাজুপুর এলাকার ভাড়াটিয়া আবু সাঈদ, আরিনা জান্নাতুল ও সাহানুর বেগমসহ কয়েকজন সেখানে আসেন। এ সময় রাত্রিযাপনের জন্য কক্ষ ভাড়া নেওয়া নিয়ে ম্যানেজার মুকুলের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘবদ্ধভাবে মুকুলকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঘটনার সময় মুকুলকে মারধরের বিষয়টি পরিবার জানতো না। ফলে মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে পরদিন দাফন করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে পরিবারের সদস্যরা মারধরের বিষয়টি জানতে পারেন। এরপর একই বছরের ২ নভেম্বর মুকুলের বোন রেহেনা পারভিন বাদী হয়ে লোহাগড়া আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে সিআইডির আবেদনের প্রেক্ষিতে আদালত মুকুলের মরদেহ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের নির্দেশ দেয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উত্তোলন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার রহস্য উদঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। |