| শিরোনাম |
|
বগুড়ায় রুহান প্রেসে অভিযান: ২০ লাখ নকল ব্যান্ডরোলসহ দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক (বগুড়া) :
|
![]() বগুড়ায় রুহান প্রেসে অভিযান: ২০ লাখ নকল ব্যান্ডরোলসহ দুইজন গ্রেপ্তার বগুড়ায় র্যাব-১২ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল রাজস্ব ব্যান্ডরোলসহ একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর থানার পালশা চৌকিরপাড় এলাকার রুহান প্রিন্টিং প্রেসে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১৭ কোটি টাকার সমমূল্যের নকল ব্যান্ডরোল, প্যাকেট, লেবেলসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। র্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে রুহান প্রিন্টিং প্রেসটি সিগারেট ও বিড়ির নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টারসহ বিভিন্ন উপকরণ তৈরি করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদের নেতৃত্বে প্রায় ১৮ লাখ ৩৮ হাজার সিগারেটের নকল ব্যান্ডরোল এবং ১০ লাখ ৪৯ হাজার বিড়ির ব্যান্ডরোল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত দুইজন হলেন—বগুড়া সদর থানার বাঘোপাড়া দক্ষিণপাড়ার মো. মাহমুদুল হাসান মিলন (৪২) এবং মো. রাশেদুল ইসলাম। প্রেস থেকে জব্দ করা সামগ্রীর মধ্যে ছিল এনবিআর লেখা নকল ব্যান্ডরোল তৈরির স্টিল প্লেট, কাঠের ফ্রেম, বিভিন্ন ব্র্যান্ডের বিড়ির ১১ হাজার ৪০০ পাতা মোড়ক, ১০ হাজারের বেশি ফিল্টার, ১ হাজার ৪০০টি স্টিল প্লেট, নিরাপত্তা লোগোযুক্ত ১ হাজার ৫০০ গামটেপ, মোবাইলফোন এবং নগদ ১০ হাজার ৬৪০ টাকা। র্যাব জানায়, নকল ব্যান্ডরোল উৎপাদন ও সরবরাহের মাধ্যমে একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, নকল ব্যান্ডরোল তৈরি ও সরবরাহকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান থাকবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান অপরাধ দমনকে আরও গতিশীল করবে। |